ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর নতুন কোনো নিষেধাজ্ঞার আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। সোমবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে চাই। তাদের সঙ্গে আমাদের যে ধারাবাহিক অ্যাংগেজমেন্ট, সেটা অব্যাহত রয়েছে। মাঝে কিছু ভুল-বোঝাবুঝি হয়েছে। যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছিল, সেটা নিয়ে আমরা কাজ করছি। এ কারণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে হয়তো কারও আগ্রহ বেশি। বাড়তি আগ্রহের কারণে বিএনপি-জামায়াত ঘোলা পানিতে মাছ শিকারে উদ্যোগ নিয়েছিল। তারা আশা করছিল, ৯-১০ ডিসেম্বর আরেকটি নিষেধাজ্ঞা আসবে। এজন্য তারা ওইদিন জনসভা ডেকেছিল। তারা যে কতোটা লবিস্টনির্ভর, এটাই তার প্রমাণ।


তিনি বলেন, রাজনীতি করতে জনগণের সমর্থন লাগে। বিদেশিদের সমর্থন দিয়ে বাংলাদেশে রাজনীতি কখনও হয়নি, হবেও না। হয়তো সাময়িক সুবিধা পাওয়া যাবে। কিন্তু সেটা স্থায়ী হবে না। এক-এগারো পরবর্তী ঘটনাগুলোই তার প্রমাণ।


মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং এর সাবেক-বর্তমান ছয় কর্মকর্তার ওপর গত বছর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। একই প্রেক্ষাপটে বা অন্য কোনো কারণে চলতি বছরও সরকারি সংস্থা-ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞার আশঙ্কা করছিল সরকার। এ জন্য সম্প্রতি এক চিঠিতে বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেয় মন্ত্রণালয়।

ads
ads
ads

Our Facebook Page

↑